আমার সাথে যুক্ত থাকুন___

আপনজনের মূল্য

|
4 মিনিটে পড়ুন
আপনজনের মূল্য | ছফওয়ান আল মুসাইব | Sofwan Al Musaib

সবাইকে সম্মান করা যায়, কিন্তু সবাইকে হৃদয়ে রাখা যায় না। মায়া, ভালোবাসা এমন একটা অনুভূতি, যেটা চাইলেই সবার জন্য জন্মায় না। 

তবে কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে নিঃশব্দে চলে আসে। কোনো আয়োজন ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। তারপর ধীরে ধীরে তারা আমাদের অভ্যাস হয়ে যায়। আমাদের দিনের ভেতরে, চিন্তার ভেতরে, মন খারাপের মুহূর্তে, ভালো থাকার কারণের ভেতরে—তারা এমনভাবে জায়গা করে নেয় যে, আমরা নিজেরাও বুঝতে পারি না তারা কতটা আপন হয়ে গেছে।

সমস্যাটা আসলে এখানেই।
যখন কোনো মানুষ নিঃশর্তভাবে আমাদের পাশে থাকে, ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে, তখন তার উপস্থিতিটাই যেন আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে যায়। আমরা ভাবতে শুরু করি, সে তো আছেই। থাকবে। সবসময় থাকবে।

যে মানুষটা বারবার আমাদের খোঁজ নেয়, তাকে আমরা অভ্যাসের মতো ধরে নিই। যে মানুষটা আমাদের রাগ, অভিমান, ভুল—সবকিছু সহ্য করেও পাশে থাকে, তাকে আমরা কখনো কখনো সবচেয়ে সহজে কষ্ট দিয়ে ফেলি। কারণ ভেতরে ভেতরে আমরা ধরে নিই, সে আমাদের জীবন থেকে কোথাও যাবে না। সে বুঝবে। সে মানিয়ে নেবে। সে আগের মতোই থেকে যাবে। আর এখানেই আমরা ভুল করি… 

সম্পর্কের মধ্যে সমান গতি প্রয়োজন। সমান গতি না হলে অপর পাশের ব্যক্তি এক সময় ক্লান্ত হয়ে যায়। তখন কেউ কেউ খুব ভালোবেসেও একটা পর্যায়ে গিয়ে চুপ হয়ে যায়। কেউ কেউ কষ্ট পেয়েও মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে দূরে সরে যেতে থাকে। আর যখন আমরা বুঝতে পারি—তখন অনেক দেরি হয়ে যায়।

যদি আমাকে জীবনের শেষ উপদেশ হিসেবে কাউকে কিছু বলতে বলা হয়, আমি শুধু এটুকুই বলব— যে মানুষটা আপনার জীবনে সত্যি সত্যি যত্ন নেয়, তাকে কখনো অবহেলা করবেন না। যদি করেন, তো হতে পারে কোন এক সময় সে আপনাকে ক্ষমা করে দেবে। হয়তো হাসিমুখে বলবে, “কোনো সমস্যা নেই।” হয়তো সবকিছু আগের মতো স্বাভাবিক করার চেষ্টাও করবে। কিন্তু আগের মতো আর স্বাভাবিক হবে না। তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। কারণ, সে ছিল আপনার ভরসার শেষ জায়গা। আপনার ক্লান্ত দিনের শান্তি। আপনার ভেতরের অগোছালো কথাগুলো বুঝে নেওয়ার ম্যাজিশিয়ান। 

জীবনে এমন মানুষ খুব কম থাকে, যে আপনাকে সত্যিকারের বুঝতে চায়। যে শুধু আপনার ভালো সময়ের সঙ্গী নয়, খারাপ সময়েও পাশে দাঁড়ায়। আপনার ব্যস্ততা, রাগ, অভিমান, দুর্বলতা—সবকিছুর মাঝেও সে আপনাকে বুঝতে চেষ্টা করে। যে আপনার ভুল দেখেও আপনাকে ছেড়ে যায় না। যে আপনার নীরবতার ভেতরেও কষ্ট খুঁজে পায়। এই মানুষকে কখনোই অবহেলা করবেন না। আগলে রাখবেন। কারণ জীবনে সম্পর্ক অনেক হবে, পরিচিত মানুষও অনেক পাওয়া যাবে। কিন্তু আপনজন?  সত্যিকারের আপনজন? 

সত্যিকারের আপনজন জীবনে খুব বেশি আসে না। তাই যে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসার মূল্য দিন। যে আপনার জন্য অপেক্ষা করে, তার অপেক্ষাকে অবহেলা না করে, তার অপেক্ষাকে গুরুত্ব দিন। যে আপনার কথা ভেবে নিজের সময়, মন, অনুভূতি খরচ করে—তাকে কখনো সাধারণ মনে করবেন না। কারণ অবহেলা খুব নীরব একটা জিনিস। এটা একদিনে কাউকে দূরে সরায় না। ধীরে ধীরে সরায়। প্রথমে কথা কমে যায়, তারপর অভিমান জমে, তারপর একসময় মানুষটা হারিয়ে যায়। নিজের ভেতরে দরজা বন্ধ করে দেয়। তারপর আপনি যতই ডাকেন না কেন, সেই আগের মানুষটাকে আর ফিরে পান না। 

জীবন একা কাটানো সহজ নয়। আমরা যতই বলি, “আমি একাই ভালো আছি”—ভেতরে ভেতরে প্রতিটা মানুষই আসলে কাউকে চায়। এমন কাউকে, যার সামনে ক্লান্ত হওয়া যায়। যার কাছে নিজেকে সাজিয়ে বলতে হয় না। যে মানুষটা শুধু পাশে থাকলেই মনে হয়—হ্যাঁ, এখনো পৃথিবীতে আমার কেউ আছে।

তাই যদি আপনার জীবনে থেকে থাকে, তার যত্ন নিন। তাকে আগলে রাখুন, ভালোবাসুন। তার গুরুত্ব দিন। কারণ কিছু মানুষ হারিয়ে গেলে শুধু মানুষ হারায় না—হারিয়ে যায় শান্তি, অভ্যাস, আশ্রয়, আর নিজের ভেতরের অস্তিত্ব।

আর তখন বাকি জীবন শুধু একটা আফসোস থেকে যায়—যে মানুষটা ছিল, তাকে আমি ঠিক সময়ে আগলে রাখতে পারিনি।

শেয়ার করুন:

সব হারিয়ে যাওয়ার পরও মানুষ বেঁচে থাকে—এটাই জীবনের সবচেয়ে অদ্ভুত সৌন্দর্য...

___মুসাইব

আমার সম্পর্কে

Picture of ছফওয়ান আল মুসাইব

ছফওয়ান আল মুসাইব

আমি ছফওয়ান আল মুসাইব, একজন 3D আর্টিস্ট, ভিডিও এডিটর। 3D আর্টের প্রতি গভীর ভালোবাসা থেকেই আমি আমার ক্যারিয়ার শুরু করি...

সোশ্যাল মিডিয়া