আমার সাথে যুক্ত থাকুন___

ভালো বনাম শ্রেষ্ঠ

|
3 মিনিটে পড়ুন
ভালো বনাম শ্রেষ্ঠ | ছফওয়ান আল মুসাইব | Sofwan Al Musaib

আমাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো খারাপ আর ভালোর মধ্যে হয় না। বরং সেগুলো হয় ভালো আর আরও ভালোর মধ্যে। ভালো—হাতে থাকা নিরাপত্তা। আর আরও ভালো—অদেখা সম্ভাবনা।  ভালো—নিরাপদ, নিশ্চিত, সুন্দর সুযোগ। আর আরও ভালো—হয়তো আরো বড় কিছু পাওয়া আবার হয়তো কিছুই না।

এই জায়গাতেই আমরা বড় ভুল করি। কেউ ভালোকে আঁকড়ে ধরে শ্রেষ্ঠকে হারাই। আবার কেউ শ্রেষ্ঠের আশায় ভালো জিনিসটাও হারিয়ে ফেলি। তাই প্রশ্ন “ছাড়ব কি ছাড়ব না” নয়, বরং প্রশ্ন হলো—আমি যেটা ছাড়ছি, সেটার দাম কত? আর যেটার জন্য ছাড়ছি, সেটার বাস্তব সম্ভাবনা কতটুকু?

“Don’t be afraid to give up the good for the great.”—কথাটা শুনতে খুব অনুপ্রেরণামূলক লাগে। কিন্তু বাস্তব জীবন শুধু সুন্দর কথায় চলে না। এখানে হিসাব আছে, ঝুঁকি আছে, সময় আছে, সুযোগ আছে, আর আছে হারানোর ভয়।

সব ভালো জিনিস ছেড়ে দিলেই যে শ্রেষ্ঠ কিছু পাওয়া যাবে—এমন কোনো গ্যারান্টি নেই। আবার সব ভালো জিনিস ধরে রাখলেই যে জীবন নিরাপদ থাকবে—সেটাও সত্যি না।
তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করা জরুরি। যেটাকে আমি ছাড়তে চাচ্ছি, সেটা কি সত্যিই শুধু “ভালো”? আর যেটার জন্য ছাড়ছি, সেটা কি সত্যিই “আরও ভালো”—নাকি শুধু দূর থেকে দেখতে সুন্দর লাগছে?

কারণ অনেক সময় আমরা সম্ভাবনার মোহে বাস্তব মূল্যবান সম্পদ হারিয়ে ফেলি। আবার অনেক সময় নিরাপত্তার ভয়ে সম্ভাবনার দরজাই খুলতেই চাই না। এই দুইয়ের মাঝখানেই চলে বুদ্ধির আসল খেলা।

জীবনে আমও হারানো যাবে না, ছালাও হারানো যাবে না—এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে ২-৩টা নষ্ট ফল যদি ভালো ফলের সঙ্গে রেখে দেওয়া হয়, তাহলে একসময় আরও ১০টা ভালো ফলও নষ্ট হয়ে যেতে পারে।

মানে, সবকিছু ধরে রাখা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। কিছু জিনিস ছাড়তে হয়, যাতে বড় ক্ষতি থেকে বাঁচা যায়। আবার কিছু জিনিস ধরে রাখতে হয়, কারণ সব ঝুঁকি নেওয়া সাহসের না—বরং কখনো কখনো সেটা বোকামিও হতে পারে।

সুতরাং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো সাধারণত ভালো আর খারাপের মধ্যে হয় না। হয় ভালো আর আরও ভালোর মধ্যে। নিরাপদ আর সম্ভাবনাময় কিছুর মধ্যে। আজকের নিশ্চয়তা আর আগামী দিনের বড় সম্ভাবনার মধ্যে।

আমরা যখন এই দুইয়ের মধ্যে একটা গন্তব্য সিলেক্ট করি, তখন সে গন্তব্যের সাথে—অন্য গন্তব্যটাকেও ‘‘না’’ বলি। আমরা যখন একটা অফার গ্রহণ করি, তখন হয়তো আরেকটা বড় সুযোগের জন্য রাস্তা বন্ধ করে দেই। আবার আমরা যখন বর্তমানের ভালো কিছু ছেড়ে দিয়ে এমন কিছুর পেছনে ছুটে চলি, যার কোনো বাস্তব ভিত্তিই নেই।

এখানেই Opportunity Cost বুঝতে হবে। জীবনের সিদ্ধান্তে শুধু আবেগ থাকলে হবে না। শুধু ভয় থাকলেও হবে না। আবার শুধু লোভ থাকলেও হবে না। থাকতে হবে—নিজেকে সত্যি সত্যি প্রশ্ন করার সাহস। আর বাস্তবতা মেনে নেওয়ার পরিপক্বতা। কারণ জীবনে কোনো সিদ্ধান্তই সবার জন্য একরকম নয়।

যে সিদ্ধান্ত আমার জন্য সেরা, সেটা আপনার জন্য ভুলও হতে পারে। যে ঝুঁকি আমার জন্য গন্তব্যের দরজা খুলে দিয়েছে, সেটা আপনার জন্য বেঁচে থাকার ইচ্ছাটাও ধুলিস্যাৎ করে দিতে পারে। Nothing is universal in life. Everything is situational.

শেয়ার করুন:

সব হারিয়ে যাওয়ার পরও মানুষ বেঁচে থাকে—এটাই জীবনের সবচেয়ে অদ্ভুত সৌন্দর্য...

___মুসাইব

আমার সম্পর্কে

Picture of ছফওয়ান আল মুসাইব

ছফওয়ান আল মুসাইব

আমি ছফওয়ান আল মুসাইব, একজন 3D আর্টিস্ট, ভিডিও এডিটর। 3D আর্টের প্রতি গভীর ভালোবাসা থেকেই আমি আমার ক্যারিয়ার শুরু করি...

সোশ্যাল মিডিয়া