টাকা—এই ছোট্ট শব্দটার ভেতরে মানুষের জীবনের কত চাওয়া, কত দৌড়, কত স্বপ্ন, কত ক্লান্তি লুকিয়ে থাকে, সেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না। জীবনে কতটুকু টাকার প্রয়োজন—এই প্রশ্নের উত্তর হয়তো সবার কাছে এক রকম নয়। কারও কাছে টাকা মানে নিরাপত্তা, কারও কাছে সম্মান, কারও কাছে পরিবারের মুখে হাসি, আবার কারও কাছে নিজের অপূর্ণ স্বপ্নগুলো পূরণের একমাত্র পথ।
তবে সত্যি বলতে, টাকা ছাড়া জীবন চালানো কঠিন। খুব কঠিন। পেটের ক্ষুধা মেটাতে টাকা লাগে। মাথার ওপর ছাদ রাখতে টাকা লাগে। অসুস্থ হলে ডাক্তার দেখাতে টাকা লাগে। সন্তানের পড়াশোনা, পরিবারের প্রয়োজন, নিজের ছোট ছোট স্বপ্ন—সবকিছুর সঙ্গেই টাকা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে।
তাই “টাকার দরকার নেই”—এই কথাটা শুনতে সুন্দর লাগলেও বাস্তব জীবনে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। কেউ প্রকাশ করে, কেউ করে না। কেউ টাকার জন্য দিনরাত পরিশ্রম করে, কেউ আবার নীরবে নিজের স্বপ্নগুলো গলা টিপে হত্যা করে ফেলে—শুধু সামর্থ্য নেই বলে।
আজকের দুনিয়ায় টাকা দিয়ে অনেক কিছু করা যায়। ভালো বাড়ি কেনা যায়। দামি পোশাক পরা যায়। সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া যায়। বাবা-মায়ের কাছে আদর্শ সন্তান হওয়া যায়। সন্তানের কাছে ভালো বাবা হওয়া যায়। শশুর-শাশুড়ির কাছে পারফেক্ট জামাই হওয়া যায়। প্রেমিকার কাছে ভালো প্রেমিক হওয়া যায়। সমাজে সম্মানও টাকার কারণে বেড়ে যায়। হাজারো অপরাধের পর রাষ্ট্রের উপর মহলের দরজা খুলে যায় এই টাকার জোরে।
কখনো কখনো টাকা মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখানে তার যোগ্যতার চেয়ে টাকার ওজন বেশি কাজ করে। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।
কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়—তাহলে টাকা দিয়ে কি সত্যিই সবকিছু পাওয়া যায়?
না।
টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না।
টাকা দিয়ে দামি বিছানা পাওয়া যায়, কিন্তু শান্তির ঘুম কেনা যায় না। টাকা দিয়ে বড় বাড়ি বানানো যায়, কিন্তু সেই বাড়ির ভেতরে আপন মানুষের উষ্ণতা কেনা যায় না। টাকা দিয়ে অনেক মানুষকে কাছে আনা যায়, কিন্তু একজন সত্যিকারের মনের মানুষ পাওয়া যায় না। টাকা দিয়ে চিকিৎসক কেনা যায়, কিন্তু রোগের আরোগ্য কেনা যায় না। টাকা দিয়ে উপহার কেনা যায়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কেনা যায় না।
আসলে জীবনে এমন কিছু জিনিস আছে, যেগুলোর দাম অনেক, কিন্তু মূল্য নেই কোনো বাজারে।
যেমন—বন্ধুত্ব।
University at Buffalo এবং Harvard Business School-এর একটি গবেষণায় দেখা গেছে, যারা নিজের মূল্যবোধকে আর্থিক সাফল্যের ওপর দাঁড় করায়, তারা অনেক সময় একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতিতে ভোগে। বিষয়টা খুব অদ্ভুত না। কারণ টাকা, ক্যারিয়ার আর সফলতার পেছনে ছুটতে ছুটতে মানুষ অনেক সময় নিজের কাছের মানুষদের থেকেই ধীরে ধীরে দূরে সরে যায়।
বন্ধুকে সময় দেওয়া কমে যায়। প্রিয়জনের খোঁজ নেওয়া কমে যায়। আড্ডা কমে যায়। মনের কথা বলার মানুষ কমে যায়। তারপর জীবনের কোনো এক সন্ধ্যায় হঠাৎ দেখা যায়—ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু পাশে বসে মন খুলে কথা বলার মতো একজন মানুষ নেই। এর চেয়ে বড় দারিদ্র্য আর কে হতে পারে?
আরেকটা জিনিস আছে, যা টাকা দিয়ে কেনা যায় না।
সেটা হলো সময়।
আপনার কাছে প্রচুর টাকা থাকলেও আপনি দিনে চব্বিশ ঘণ্টার বেশি সময় পাবেন না। অর্থ দিয়ে হয়তো অনেক সুবিধা কেনা যায়, কিন্তু অতিরিক্ত জীবন কেনা যায় না। যে সকাল একবার চলে যায়, তা আর ফিরে আসে না।
যে বিকেল হারিয়ে যায়, তা আর কোনোদিন আগের মতো হয় না। যে শৈশব একবার ফুরিয়ে যায়, তা আর কোনো টাকায় ফেরত পাওয়া যায় না। আমরা অনেক সময় টাকা উপার্জনের জন্য সময় বিক্রি করি। অথচ পরে সেই সময়টুকুই আবার ফিরে পেতে চাই। কিন্তু তখন আর পাওয়া যায় না।
সন্তানের ভবিষ্যতের জন্য আমরা দিন-রাত পরিশ্রম করি। কিন্তু অনেক সময় সন্তানের বর্তমান শৈশবটাই আমরা মিস করে ফেলি। পরিবারের জন্য টাকা আয় করি, কিন্তু পরিবারের সঙ্গে বসে পাঁচ মিনিট মন দিয়ে কথা বলার সময় পাই না। প্রিয় মানুষের জন্য দামি কিছু কিনে দিতে চাই, কিন্তু প্রিয় মানুষটার পাশে বসে নীরবে তার কথা শোনার মতো সময় থাকে না।
টাকা দিয়ে সম্পর্ক শুরু করা যায় হয়তো, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। টাকা দিয়ে মানুষকে কাছে আনা যায়, কিন্তু হৃদয়ে জায়গা করে নেওয়া যায় না। ভালোবাসা কেনাবেচার জিনিস না। মায়া কোনো বাজারে পাওয়া যায় না। বিশ্বাস কোনো দোকানে বিক্রি হয় না। সম্পর্ক টিকে থাকে যত্নে, সময় দেওয়ায়, মনোযোগে, সম্মানে, বোঝাপড়ায়। শুধু টাকায় নয়।
অন্তরঙ্গতাও টাকা দিয়ে কেনা যায় না।
ঘনিষ্ঠতা মানে শুধু পাশে থাকা নয়। ঘনিষ্ঠতা মানে হলো—কেউ আপনার নীরবতাও বুঝবে। আপনি কথা না বললেও আপনার কষ্ট টের পাবে। আপনার ভেতরের ক্লান্তি, ভয়, অভিমান, দ্বিধা—সবকিছুর পাশে দাঁড়াবে।
দাম্পত্য জীবনে, ভালোবাসার সম্পর্কে, পরিবারে—এই অন্তরঙ্গতা খুব দরকার। কিন্তু কোনো সম্পর্ক যদি ভেতর থেকে ফাঁকা হয়ে যায়, যদি বিশ্বাস নষ্ট হয়ে যায়, যদি মনের টান হারিয়ে যায়—তাহলে টাকা দিয়ে সেই উষ্ণতা ফিরিয়ে আনা যায় না। দামি উপহার দিয়ে হয়তো কাউকে কিছুক্ষণের জন্য খুশি করা যায়। কিন্তু হৃদয়ের দূরত্ব কমানো যায় না।
নৈতিকতাও টাকা দিয়ে কেনা যায় না।
নৈতিকতা মানুষকে ভেতর থেকে সোজা রাখে। কোনটা ঠিক, কোনটা ভুল—তা বুঝতে শেখায়। মানুষকে সংযত করে, দায়িত্বশীল করে, নিজের কাছে জবাবদিহির জায়গায় দাঁড় করায়।
যার মধ্যে নৈতিকতা নেই, সে টাকা দিয়ে ক্ষমতা কিনতে পারে, প্রভাব কিনতে পারে, মানুষের ভয় কিনতে পারে—কিন্তু চরিত্র কিনতে পারে না।
আর সবচেয়ে বড় কথা—মনের শান্তিও টাকা দিয়ে কেনা যায় না।
আপনি যতই বিত্তশালী হন না কেন, যদি ভেতরে অস্থিরতা থাকে, অপরাধবোধ থাকে, সম্পর্কের শূন্যতা থাকে, নিজের জীবন নিয়ে গভীর অসন্তুষ্টি থাকে—তাহলে টাকা সেই অশান্তি পুরোপুরি মুছে দিতে পারে না।
টাকা বিলাসিতা দিতে পারে। সুযোগ দিতে পারে। নিরাপত্তা দিতে পারে। কিন্তু শান্তি?
শান্তি আসে নিজের ভেতরের ভারসাম্য থেকে। সৎ জীবনযাপন থেকে। সম্পর্কের উষ্ণতা থেকে। অল্পে সন্তুষ্ট থাকার ক্ষমতা থেকে। রাতের বেলা নিজের বুকের ভেতর কোনো লুকানো ভয় না নিয়ে ঘুমাতে পারা থেকে।
আমরা অনেক সময় টাকার পেছনে ছুটতে ছুটতে ভুলে যাই, জীবন শুধু হিসাবের খাতা নয়। জীবন শুধু আয়, ব্যয়, লাভ, লোকসান না। জীবনের ভেতরে আরও কিছু জিনিস আছে—যেগুলো না থাকলে পুরো জীবনটাই বৃথা।
একজন মানুষ হয়তো কোটি টাকার মালিক। তার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে। কিন্তু রাতের বেলা চোখ বন্ধ করলেই যদি বুকের ভেতর অস্থিরতা শুরু হয়, যদি ঘুম না আসে, যদি মনের ভেতর অদৃশ্য কোনো চাপ তাকে কামড়ে ধরে—তাহলে সেই টাকা তাকে কতটুকু সুখ দিতে পারে?
অন্যদিকে একজন সাধারণ মানুষ ছোট ঘরে থাকে। খুব বেশি টাকা নেই। জীবনটাও অভাব-অনটনের মধ্যে কাটে। কিন্তু রাতে পরিবার নিয়ে বসে এক প্লেট ভাত ভাগাভাগি করে খায়, মন খুলে হাসে, নিশ্চিন্তে ঘুমাতে পারে। তাহলে সে কি সত্যিই গরিব?
এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার—টাকাকে ছোট করে দেখার সুযোগ নেই। টাকা দরকার। সম্মানজনক জীবনযাপনের জন্য দরকার। অভাব থেকে বের হওয়ার জন্য দরকার। নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য দরকার। স্বপ্ন পূরণের জন্য দরকার।
কারণ অভাব মানুষকে অসহায় করে দেয়। স্বপ্ন ভাঙতে বাধ্য করে। সম্পর্কেও ফাটল ধরায়। এমনকি অনেক মানুষের স্বভাবও অভাবের কারণে বদলে যায়।
তাই টাকা উপার্জন করা, সঞ্চয় করা, নিজের জীবনকে গুছিয়ে নেওয়া—এসব অবশ্যই প্রয়োজনীয়। এখানে কোনো দ্বিমত নেই।
কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখা দরকার—টাকা যেন আমাদের মানুষত্ব কেড়ে না নেয়। টাকা যেন আমাদের ভেতরের শান্তিটুকু নষ্ট না করে। টাকা যেন আমাদের এতটা ব্যস্ত না করে ফেলে যে, প্রিয় মানুষদের চোখের ভাষা পড়ার সময়ও আমাদের না থাকে।
কারণ দিনশেষে আমরা শুধু ধনী হতে চাই না। আমরা একটু শান্তি চাই। একটু ভালোবাসা চাই। একজন সত্যিকারের মানুষ চাই, যার কাছে নিজের জমানো সব কথা খুলে বলা যায়। একটা ঘর চাই, যেখানে দিনশেষে ফিরে এলে বুকটা হালকা লাগে। একটা জীবন চাই, যেখানে শুধু টাকা নয়—মায়া, ভালোবাসা, সম্মান আর শান্তিও থাকে।
তাই জীবনে কতটুকু টাকার প্রয়োজন—এই প্রশ্নের উত্তর খুঁজার আগে বুঝতে হবে, টাকা শুধুমাত্র আমাদের প্রয়োজন মেটানোর জন্য দরকার; কিন্তু জীবনকে পূর্ণ করার জন্য শুধু টাকা যথেষ্ট নয়।
সুতরাং টাকার জন্য পরিশ্রম করুন। নিজের জীবন গুছিয়ে নিন। স্বপ্নের জন্য লড়াই করুন। কিন্তু এমনভাবে লড়াই করবেন না, যাতে জিতে গিয়েও ভেতরে হেরে যান।





