কাউকে গুরুত্ব দেওয়া খারাপ কিছু নয়। বরং মানুষ হিসেবে আমরা সবাই চাই, আমাদের জীবনে যারা আসে—তাদের একটু ভালোবাসি, একটু সময় দিই, একটু যত্ন করি। সম্পর্কের সৌন্দর্যও তো এখানেই। কেউ পাশে থাকলে তাকে পাশে থাকার মূল্য দেওয়া, কেউ ভালোবাসলে তার ভালোবাসার সম্মান দেওয়া—এসব স্বাভাবিক ব্যাপার।
কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আমরা কাউকে গুরুত্ব দিতে দিতে নিজের গুরুত্বটাই ভুলে যাই।
আমরা অনেক সময় এমন মানুষদের জন্য নিজের সময়, মন, অনুভূতি—সবকিছু উজাড় করে দিই, যারা আসলে সেই জায়গার যোগ্যই নয়। বারবার খোঁজ নিই, বারবার বুঝতে চাই, বারবার ক্ষমা করি, বারবার নিজের কষ্ট চেপে রাখি। অথচ একটা সময় গিয়ে দেখি, সেই মানুষটাই আমাদের এই উপস্থিতিকে খুব সাধারণ কিছু মনে করতে শুরু করেছে।
সে ভাবতে শুরু করে, আপনি তো আছেনই। আপনি তো সবসময় থাকবেন। আপনি তো অভিমান করলেও ফিরে আসবেন। আপনাকে অবহেলা করলেও আপনি শেষ পর্যন্ত মেনে নেবেন।
এখানেই আমরা ভুল করি। কারণ অতিরিক্ত গুরুত্ব অনেক সময় সম্পর্ক, ভালোবাসাকে সুন্দর করে না; বরং ভুল মানুষের কাছে আপনাকে সস্তা করে ফেলে। আপনি যাকে নিজের সবচেয়ে ভালো অংশটা দিচ্ছেন, সে যদি সেটার মূল্য বুঝতে না পারে, তাহলে আপনার দেওয়া গুরুত্ব, যত্নও তার কাছে একসময় অভ্যাস হয়ে যায়। মানুষ যে জিনিস সহজে পেয়ে যায়, তার মূল্য বোঝে না।
যে মানুষ আপনার একটুখানি আন্তরিকতাও বুঝতে পারে না, তাকে আপনি হৃদয়ের পুরো দরজা খুলে দিলেও সে তার গভীরতা বুঝবে না। যে মানুষ আপনার নীরব কষ্ট দেখার মতো চোখ রাখে না, তার সামনে আপনি যত ব্যাখ্যাই দেন, সে আপনার ভেতরের ভাঙন অনুভব করবে না।
তাই জীবনে একটা বিষয় খুব জরুরি—
কাকে কতটুকু জায়গা দেওয়া উচিত, সেটা বুঝতে শেখা।
সবাইকে সম্মান করা যায়, কিন্তু সবাইকে হৃদয়ের ভেতর জায়গা দেওয়া যায় না। সবার সাথে ভালো ব্যবহার করা যায়, কিন্তু সবার জন্য নিজের শান্তি নষ্ট করা যায় না। কেউ যদি এক আনা পাওয়ার যোগ্যতা রাখে, তাকে ষোল আনা দিয়ে দিলে সে সেই ষোল আনার মূল্য বুঝে না। বরং ভাবতে শুরু করবে, এটা তো তার পাওনাই ছিল।
তখন আপনার সময়, আপনার যত্ন, আপনার অপেক্ষা—সবকিছু তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। আর যেদিন আপনি একটু দূরে সরে দাঁড়াবেন, সেদিন সে আপনার কষ্ট বুঝবে না; বরং অবাক হবে, আপনি বদলে গেলেন কেন।
আসলে আপনি বদলে যাননি।
আপনি শুধু নিজের মূল্য বুঝতে শুরু করেছেন।
নিজেকে গুরুত্ব দেওয়া অহংকার নয়। এটা কাউকে ছোট করা নয়। এটা এমনও নয় যে, আপনার কাউকে দরকার পড়ে না। নিজেকে গুরুত্ব দেওয়া মানে হলো—নিজের সময়, অনুভূতি, মানসিক শান্তি আর আত্মসম্মানের মূল্য বোঝা।
আপনি ভালোবাসবেন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আপনি ক্ষমা করবেন, কিন্তু বারবার নিজেকে ছোট করে নয়। আপনি পাশে থাকবেন, কিন্তু যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, সেখানে নিজেকে অপচয় করে নয়।
ব্যক্তিত্ব বলতে অনেকেই ভুল বোঝে। কেউ ভাবে, ব্যক্তিত্ব মানে কঠিন হয়ে যাওয়া। কেউ ভাবে, ব্যক্তিত্ব মানে কারও কাছে নরম না হওয়া। আসলে ব্যক্তিত্ব মানে; নিজের সীমা জানা।
কোথায় কথা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে—এই বোঝাপড়াটাই ব্যক্তিত্বের বড় অংশ।
কারণ টাকা হারালে হয়তো আবার আয় করা যায়। বাড়ি-গাড়ি হারালে হয়তো একদিন আবার গড়া যায়। কিন্তু আত্মসম্মান একবার ক্ষতিগ্রস্ত হলে, নিজের চোখে নিজেকে ছোট মনে হতে শুরু করলে, সেখান থেকে ফিরে আসা খুব সহজ নয়।
তাই কাউকে এতটা গুরুত্ব দেবেন না, যেখানে নিজের অস্তিত্বটাই ছোট হয়ে যায়। কাউকে এতটা জায়গা দেবেন না, যেখানে সে আপনার পুরো মন দখল করে আপনাকেই গুরুত্বহীন করে ফেলে। কাউকে এতটা ক্ষমা করবেন না, যেখানে সে ভুল করাকে নিজের অধিকার মনে করতে শুরু করে।
আপনি যখন নিজের গুরুত্বটা বুঝতে শুরু করবেন, তখন দেখবেন আপনার জীবনের অনেক ভুল মানুষের গুরুত্ব নিজে থেকেই কমে যাচ্ছে। আগে যাদের একটা মেসেজ না পেলে মন খারাপ হতো, এখন তাদের নীরবতা আপনাকে আর আগের মতো ভাঙতে পারবে না। আগে যাদের অবহেলা আপনাকে কষ্ট দিত, এখন তাদের আচরণ আপনাকে শুধু চিনিয়ে দেবে—কে আপনার জীবনে থাকার মতো, আর কে নয়।
মানুষকে গুরুত্ব দিন, অবশ্যই দিন। যে আপনাকে সম্মান করে, তাকে সম্মান দিন। যে আপনার অনুভূতি বোঝে, তার পাশে থাকুন। যে আপনার ভালোবাসার মূল্য জানে, তাকে ভালোবাসুন।
কিন্তু যে মানুষ আপনার গুরুত্ব, ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আপনার সময়কে সস্তা ভাবে, আপনার উপস্থিতিকে অভ্যাস ভাবে—তার জন্য আপনার সময়কে নষ্ট হতে দিবেন না।
নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখার চেয়ে, নিজেকে বজায় রেখে কাউকে হারিয়ে ফেলা অনেক বেশি গৌরবের।





